৭ নভেম্বর ২০১৪ - ১৫:২৫
দেশের বিভিন্ন অঞ্চলে পবিত্র আশুরা পালিত

১০ই মহররম ইমাম হুসাইন (আ.) এর পবিত্র শাহাদাত দিবস (আশুরা) বিশেষ শোক অনুষ্ঠান, শোক মিছিল ও আযাদারিসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : রাজধানী ঢাকা, খুলনা, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, বগুড়া, মানিকগঞ্জ, ফরিদপুর, দিনাজপুর, নিলফামারি, যশোর, সাতক্ষীরা ও নড়াইলসহ বিভিন্ন জেলা শহর ও গ্রামে যথাযোগ্য মর্যাদায় এ দিবস পালিত হয়েছে।
এদিকে পবিত্র এ দিবস উপলক্ষে দানবীর হাজী মুহাম্মাদ মহসীন ইমামবাড়ি সমন্বয় কমিটি বিশেষ কর্মসূচীর হাতে নেয়।
ইমাম হুসাইন (আ.) এর শাহাদাতের স্মরণে দানবীর হাজী মুহাম্মদ মহসীন ইমাম বাড়ী কার্যকরী সমন্বয় পরিষদের উদ্যোগে যশোরে ১৩দিন ব্যাপী এক কর্মসূচী গ্রহণ করা হয়। ১লা মহররম হতে যশোর জেলার বিভিন্ন অঞ্চলে ইমাম হুসাইন (আ.) এর স্মরণে শোক সভার আয়োজন করা হয়। ১০ই মহররম পবিত্র আশুরার দিনে যশোর জেলার বিভিন্ন অঞ্চল থেকে শিয়া মুসলমানরাসহ অন্যান্য মাযহাবের অনুসারীরা যশোরের ঈদগাহ ময়দানে সমবেত হতে থাকেন। আহলে বাইত (আ.) এর ভক্তদের উপস্থিতিতে খোলা আকাশের নীচে কারবালায় শহীদদের স্মরণে যিয়ারতে আশুরা পাঠ করা হয়। এরপর জাতীয় ঈদগাহ ময়দান হতে শোক মিছিলটি দড়াটানা চত্বর হয়ে চৌরাস্তার মোড় ঘুরে আর এন রোড হয়ে ঐতিহাসিক মুড়লী ইমাম বাড়ী প্রাঙ্গনে এসে পৌঁছায়। ঐতিহাসিক ইমাম বাড়ীতে জনাব এহতেশাম-উল আলম প্রতীকের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন কমিটির সম্পাদক জনাব মোঃ সিরাজুল ইসলাম ও ইমাম বাড়ীর পেশ ইমাম জনাব ইকবাল হুসাইন প্রমুখ। উপদেষ্টা পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন ইনকিলাবে মাহ্দী মিশনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মল্লিক আব্দুর রউফ ও জনাব আতাহার হুসাইন। সভা পরিচালনা করেন সাহিদুল ইসলাম বাবু।
আলোচনা পর্ব শেষে কারবালার ঘটনা স্মরণে শোকগাথা, মার্সিয়া, ক্রন্দন ও মাতম ইত্যাদি কর্মসূচীর মধ্যে দিয়ে পবিত্র আশুরা উদ্যাপিত হয়।#